রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ১০:২৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / 13
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের নিজ ভূমিতে নিরাপদ এবং মর্যাদাপূর্ণভাবে ফিরিয়ে নেওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ মানবিক কারণে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। তবে এই সংকটের একটি স্থায়ী সমাধানের জন্য রোহিঙ্গাদের স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করা জরুরি। এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
মঙ্গলবার নিউইয়র্কের স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রীর আবাসস্থল হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্কে জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনার বারহাম সালেহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সরকারি প্রেস সচিব একেএম নাজমুল হক জানান, আলোচনায় রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং মিয়ানমারে তাদের প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরির বিষয়ে জোর দেওয়া হয়েছে। বৈঠকে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে আন্তর্জাতিক মহলের জোরালো ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
এ সময় জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনার বারহাম সালেহ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। সংকটের টেকসই সমাধানে ভবিষ্যতে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।




















