নিউইয়র্কে প্রধানমন্ত্রী ও গেটস ফাউন্ডেশনের সিইওর উচ্চপর্যায়ের বৈঠক
- আপডেট সময় : ১১:০০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / 11
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের অংশ হিসেবে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে মঙ্গলবার সকালে নিজের আবাসস্থলে গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যানের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন তিনি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হকের দেওয়া তথ্যমতে, বৈঠকে জনস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকাদান কর্মসূচি এবং সাশ্রয়ী ভ্যাকসিন নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এছাড়া সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়েও তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপজেলা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। একইসঙ্গে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও তাদের বিশেষ প্রশিক্ষণের বিষয়েও ফলপ্রসূ মতবিনিময় হয়েছে। প্রশিক্ষিত এসব কর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সমন্বিত একটি কার্যকর ‘ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার সিস্টেম’ গড়ে তোলার পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
এর আগে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে গেটস ফাউন্ডেশন ছাড়াও ভিসা ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) এবং রোটারি ইন্টারন্যাশনালের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকের এই ধারাবাহিকতায় বৈশ্বিক মানবিক সংকট, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে চলমান সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রম এবং প্রযুক্তিনির্ভর উদ্যোগে আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়া উন্নয়নশীল দেশগুলোর জন্য বৈশ্বিক পর্যায়ে দাতব্য ও মানবিক সহায়তার পরিধি বাড়ানোর বিষয়েও উভয় পক্ষ ঐকমত্য পোষণ করেন।














