মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে হামলা, ভবন গুঁড়িয়ে লুটপাট
- আপডেট সময় : ০৫:৪১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / 19
রাজধানীর মিরপুর-১ এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে গত বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। মুখোশধারী আড়াই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ক্লিনিকে প্রবেশ করে কর্তব্যরত দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয়। এরপর তারা ক্লিনিকের বিভিন্ন মূল্যবান সরঞ্জাম ও মালামাল লুট করে এবং বুলডোজার দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনাটি গুঁড়িয়ে দেয়। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে স্থানীয় বাসিন্দা ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছেন। সেখানে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। খোঁজ নিয়ে জানা গেছে, মুখোশ পরা ২৫০ জনেরও বেশি দুর্বৃত্ত গতকাল দিবাগত রাতে দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়।
প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতারের তথ্যমতে, এই ঘটনায় প্রায় দেড় কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। হামলাকারীরা ক্লিনিক থেকে সরকারি ইপিআই টিকা, টিকা প্রদানের সরকারি রেজিস্টার ও নথি, পরিবার পরিকল্পনার বিভিন্ন উপকরণ, ওষুধ, ভ্যাকসিন, একটি আল্ট্রাসনোগ্রাম মেশিন (মূল্য প্রায় ৪৫ লাখ টাকা), জেনারেটর, তিনটি করে ফ্রিজ ও এসি, সিসিটিভি ক্যামেরা, স্টিলের আলমারি, ফাইল কেবিনেট, ল্যাবরেটরি সরঞ্জাম, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়। নগদ ১১ লাখ ৪০ হাজার টাকাও খোয়া গেছে বলে অভিযোগ করা হয়েছে। ভাঙচুরের পর দখলকৃত স্থানে ‘সম্মাননা দোকানদার সমবায় সমিতি লিঃ’-এর সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। ল্যাপটপ, দুটি প্রিন্টারসহ চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাবপত্র নিয়ে যায়।
প্রায় ৫০ বছর ধরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি দরিদ্র ও অসহায় মানুষের পাশাপাশি শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা, প্রসূতি ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করে আসছিল। ডা. নাসরিন আখতার বলেন, এটি কেবল একটি প্রতিষ্ঠানের ওপর হামলা নয়, বরং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকারের ওপর আঘাত। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জড়িতদের শনাক্ত করে বিচার এবং দ্রুত স্বাস্থ্যসেবা কার্যক্রম পুনরায় চালুর দাবি জানানো হয়েছে। এছাড়া সরকারি হাম-রুবেলা টিকা কার্যক্রম শুরু হওয়ার ঠিক আগের দিন এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নারী ও শিশুর স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এটি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১টার দিকে কয়েকশ মানুষ এসে ক্লিনিকটি ঘিরে ফেলে এবং সেখানকার দায়িত্বরত গার্ডদের বেঁধে মারধর করে। পরে তারা বুলডোজার দিয়ে ভবন ও গাছপালা উপড়ে ফেলে। সে সময় দেয়ালের পেছনে থাকা ভ্রাম্যমাণ দোকানদারদের ১০ মিনিট সময় দেওয়া হয় মালামাল সরিয়ে নেওয়ার জন্য। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম জানিয়েছেন, এ ঘটনায় শুক্রবার দুপুরে ক্লিনিকের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার দুশো থেকে আড়াইশো অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে। ১০ কাঠা জমি দখলের উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে ২০০ থেকে ২৫০ জন মানুষ এসে পুরো এলাকা ঘিরে নেয়।






















