প্রশাসনিক কারণে প্রত্যাহার হলেন শাহ আলী থানার ওসি
- আপডেট সময় : ০১:০৭:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / 8
রাজধানীর মিরপুর-১ এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার দুই দিন পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের স্বাক্ষর করা অফিস আদেশে তাকে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করার নির্দেশ দেয়া হয়। আদেশে কারণ হিসেবে কেবল ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ থাকলেও এর কোনো বিস্তারিত ব্যাখ্যা দেয়া হয়নি।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রত্যাহারকৃত ওসি গত শনিবার রাতেই তার দায়িত্ব হস্তান্তর সম্পন্ন করেছেন। উল্লেখ্য যে, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি শাহ আলী থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত।
এদিকে, ঘটনাস্থলে পুলিশের উপস্থিতিতে ভাঙচুরের অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। খবর পাওয়ার পর পুলিশ সঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছেছিল কিনা কিংবা দায়িত্বরত কারও অবহেলা বা গাফিলতি ছিল কিনা, তা বর্তমানে তদন্তাধীন রয়েছে।





















