নিয়োগপত্রের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি
- আপডেট সময় : ০২:০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / 8
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন। ২৭ সেপ্টেম্বর, রবিবার সকাল ১১টার দিকে তারা মিছিলসহ শাহবাগ থানার সামনের সড়কে জড়ো হন। তাদের দাবি, দীর্ঘ প্রক্রিয়া শেষে চূড়ান্ত তালিকাভুক্ত হওয়ার পরও কোনো কারণ ছাড়াই অনেক প্রার্থীর নিয়োগপত্র আটকে রাখা হয়েছে। এই পরিস্থিতির দ্রুত সমাধান ও নিয়োগপত্র প্রদানের দাবিতে তারা শান্তিপূর্ণ এই কর্মসূচি পালন করছেন।
গত ২৪ সেপ্টেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিতদের নিয়োগপত্র ইস্যুর প্রক্রিয়া শুরু হয়। কিন্তু এই প্রক্রিয়ায় অনেক প্রার্থী নিয়োগপত্র না পাওয়ায় তাদের মধ্যে চরম উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ‘কেন্দ্রীয় প্যানেল প্রাইমারি ২০২৫’ প্ল্যাটফর্মের দাবি অনুযায়ী, মোট ১৪ হাজার ৩৮৪ জন চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থীর মধ্যে দেড় সহস্রাধিক প্রার্থীর নিয়োগপত্র এখনো ইস্যু করা হয়নি। ভেরিফিকেশনের দোহাই দিয়ে তাদের বঞ্চিত রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ভেরিফিকেশনে প্রায় ১৫ শতাধিক প্রার্থীর নিয়োগপত্র ইস্যু হয়নি বলে দাবি করেছে ‘কেন্দ্রীয় প্যানেল প্রাইমারি ২০২৫’।
নিয়োগবঞ্চিতদের এই প্ল্যাটফর্মটি তাদের বাদ পড়ার সুস্পষ্ট কারণ জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে। গত ২৫ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা পাঁচটি দাবি উত্থাপন করেন। এর আগে চলতি বছরের ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১টি জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ যাচাই-বাছাই ও প্রক্রিয়ার পর গত ৮ ফেব্রুয়ারি নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়, যেখানে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের জন্য নির্বাচন করা হয়েছিল। এখন চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও নিয়োগ না পাওয়ায় হতাশায় ভুগছেন অনেক প্রার্থী। ২৫ সেপ্টেম্বর (শুক্রবার ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এসব দাবি জানান।




















