সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান
- আপডেট সময় : ০৫:৫০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / 0
বাংলাদেশের সংগীত জগতের কিংবদন্তি শিল্পী খুরশীদ আলমের সংগীতজীবনের দীর্ঘ ৬০ বছর পূর্তি উদযাপিত হলো এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে। সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এই বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে সংগীত অঙ্গনের একঝাঁক তারকা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সংগীতশিল্পী আগুন, মনির খান, রবি চৌধুরী ও আসিফ আকবরের মতো বিশিষ্ট শিল্পীরা।
অনুষ্ঠানে প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আশরাফ বাবু এবং তাঁর ভাতিজি এই প্রজন্মের সংগীতশিল্পী সুজানা রূপা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সুজানা রূপা সংগীতশিল্পী পলাশের সঙ্গে দ্বৈত কণ্ঠে কালজয়ী গান ‘যদি বউ সাজো গো’ পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। এমন গুণী শিল্পীর সান্নিধ্যে গান গাইতে পারাকে নিজের জন্য পরম সৌভাগ্যের বলে মন্তব্য করেছেন সুজানা রূপা।
সুজানা রূপা বলেন, সংগীত ভুবনে পথচলার এই ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করা খুরশীদ আলম চাচার সংবর্ধনা অনুষ্ঠানে গাইবার সুযোগ করে দেওয়ার জন্য চাচা আশরাফ বাবুর প্রতি তিনি কৃতজ্ঞ। বর্তমানে জীবন্ত কিংবদন্তি খুরশীদ আলম চলচ্চিত্রের গানে নিয়মিত না হলেও আধুনিক গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
অন্যদিকে, সুজানা রূপা তাঁর নিজস্ব নতুন কাজের তথ্যও জানিয়েছেন। রাজধানীর আফতাবনগরে তাঁর নতুন একক গান ‘রূপকন্যা’র মিউজিক ভিডিওর চিত্রায়ণ সম্প্রতি সম্পন্ন হয়েছে। রুস্তম মল্লিকের কথা ও সুরে নির্মিত গানটি খুব দ্রুত আনুষ্ঠানিকভাবে শ্রোতাদের সামনে প্রকাশ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।



















