রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড: জাতীয় গ্রিডে ১৩২১ মেগাওয়াট
- আপডেট সময় : ১০:০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / 1
বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে নতুন এক মাইলফলক অর্জিত হয়েছে। কেন্দ্রটির দুটি ইউনিট থেকে বর্তমানে একসঙ্গে সর্বোচ্চ ১ হাজার ৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। উৎপাদিত এই বিদ্যুৎ চাহিদা অনুযায়ী সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৬৫৬ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে ৬৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন রেকর্ড করা হয়। এটি কেন্দ্রটির যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের নজির।
রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের মহাব্যবস্থাপক ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটির উৎপাদন সাময়িকভাবে ব্যাহত হয়েছিল। তবে বর্তমানে দুটি ইউনিট থেকেই কোনো বাধা ছাড়াই নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে।
উল্লেখ্য যে, বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে ২০১০ সালে এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। পরবর্তী সময়ে ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশনের (এনটিপিসি) মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই প্রকল্পের অংশ হিসেবে গঠিত হয় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)। বর্তমানে দুই ইউনিটের এই পূর্ণাঙ্গ উৎপাদন দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার করেছে। কেন্দ্র সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে ২০১০ সালে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।






















