শেরপুরে ১৭১ মণ্ডপে দুর্গাপূজা: নিরাপত্তা নিশ্চিতে বিশেষ উদ্যোগ
- আপডেট সময় : ০৭:৩৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / 2
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে শেরপুর জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবার জেলার বিভিন্ন উপজেলায় মোট ১৭১টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এসব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন এবং সিসিটিভি ক্যামেরার আওতায় আনার ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া দর্শনার্থীদের যাতায়াত সহজতর করতে ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের বিষয়ে সভায় আলোচনা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদের সঞ্চালনায় সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা ও দর্শনার্থীদের চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং পূজা উদ্যাপন কমিটিকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
সভায় পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম, বিজিবির প্রতিনিধি মেজর আশিক, এসআরবির কমান্ডিং অফিসার লাবিদ ছাড়াও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক এবং নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। পূজার সার্বিক পরিবেশ সুন্দর রাখতে জেলা যুবদলের পক্ষ থেকে বিশেষ মনিটরিং টিম গঠনের ঘোষণাও দেওয়া হয়।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা। সভায় জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি জিতেন্দ্র মজুমদার, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন এবং জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবার সমন্বিত প্রচেষ্টায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
























