উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা: নেতৃত্বে নাজমুল হোসেন
- আপডেট সময় : ১১:৩৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- / 0
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের আসন্ন টেস্ট সিরিজের প্রথমটির জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। চোটের কারণে এবারের স্কোয়াডে জায়গা পাননি নাহিদ রানা। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট দলে থাকা সৌম্য সরকার ও পেসার খালেদ আহমেদকে বাদ দেওয়া হয়েছে। বিশেষ করে সৌম্য সরকার অস্ট্রেলিয়া সিরিজ এবং সর্বশেষ আফগানিস্তান সিরিজে দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি, সরাসরি দল থেকেই বাদ পড়লেন তিনি।
দলে একাধিক পরিবর্তনের মধ্যে উল্লেখযোগ্য হলো তাসকিন আহমেদের প্রত্যাবর্তন, যিনি আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বিশ্রামে ছিলেন। এদিকে, চোটের কারণে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে পড়া লিটন দাসও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে ফিরেছেন। আফগানিস্তান সিরিজে খেলার সুযোগ না পেলেও তাওহীদ হৃদয় নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছেন।
এই দুই টেস্ট আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সিরিজের প্রথম ম্যাচটি আগামী ২৮ অক্টোবর মিরপুরে অনুষ্ঠিত হবে এবং ৫ নভেম্বর থেকে সিলেটে দ্বিতীয় টেস্ট শুরু হবে। ১৫ সদস্যের ঘোষিত দলে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন, যেখানে সহ-অধিনায়কের দায়িত্বে আছেন মেহেদী হাসান মিরাজ।
স্কোয়াডের বাকি সদস্যরা হলেন: তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাঈম হাসান, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম।






















