চট্টগ্রামে পাঁচ ‘জঙ্গির’ বিচার শুরু
- আপডেট সময় : ০১:৩০:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০১৭
- / 284
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের কর্নেল হাটের জঙ্গি আস্তানায় অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার হওয়া হরকাতুল জিহাদের পাঁচ সদস্যের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
অস্ত্র আইনে দুটি ও বিস্ফোরক দ্রব্য আইনের এক মামলায় রোববার চট্টগ্রামের তৃতীয় যুগ্ম মহানগর দায়রা জজ মোছাম্মৎ বিলকিস আক্তার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
রাষ্ট্রপক্ষের কৌসুঁলি রাশেদুল আলম জানান, আদালত আগামী ২৫ জুলাই তিন মামলায় সাক্ষ্যগ্রহণের দিন রেখেছেন।
পাঁচ আসামি হলেন- তাজুল ইসলাম, নাজিম উদ্দিন, আবুজর গিফারী, নুরে আলম ও ইফতেশাম আহমেদ।
তিন মামলার মধ্যে একটি অস্ত্র মামলায় অভিযোগ গঠন করা হযেছে শুধু তাজুল ও নাজিমের বিরুদ্ধে, বাকি দুটিতে সবাই অভিযুক্ত।
গত বছরের ৮ ডিসেম্বর ভোর রাতে নগরীর আকবর শাহ থানাধীন কর্নেল হাট এলাকার একট বাড়িতে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা বিপুল পরিমাণ অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।
তার আগের দিন নগরীর একে খান এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাজুল ইসলাম ও নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করে র্যাব। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পরদিন ভোরে কর্নেল হাটে অভিযান চালানো হয়।
দুই দফায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় পাঁচজনকে।
গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজিবি) সদস্য বলে র্যাব দাবি করে।
দুটি অস্ত্র, একটি বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাস দমন আইনে অপর একটি মামলা করা হয়। এর মধ্যে তিনটি মামলায় অভিযোগ গঠন করা হল।




















