আপিলের সময় শেষ, আইন মেনে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী
- আপডেট সময় : ০৪:১৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 0
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, ১৯৭৩ সালে শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রণীত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন অনুযায়ী একটি নির্দিষ্ট সময়সীমা থাকে। সেই সময়ের মধ্যে আপিল না করলে কোনো আসামির আর আইনি সুযোগ থাকে না। তাই দেশে ফিরতে হলে তাকে প্রচলিত আইন মেনেই ফিরতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, এই বিধান সবার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য।
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারায় রায়ের বিরুদ্ধে আপিলের বিস্তারিত বিধান রয়েছে। এই ধারার উপধারা (১) অনুযায়ী, দণ্ডিত ব্যক্তি তার সাজার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করতে পারেন। তবে উপধারা (৩) অনুযায়ী, রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিল করা বাধ্যতামূলক। ২০১৩ সালের সংশোধনীর মাধ্যমে এই বিধানটি আইনে যুক্ত করা হয়েছিল। তবে উপধারা (৩) অনুযায়ী, দণ্ডাদেশ বা খালাসের আদেশ কিংবা সাজা ঘোষণার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলন দমনের ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করে। একই মামলায় রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, উসকানিমূলক বক্তব্য প্রদান এবং চানখাঁরপুল ও আশুলিয়ায় হত্যার ঘটনায় সরাসরি দায়ী করা হয়। সেই সঙ্গে তাদের স্থাবর-অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল।
পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর থেকে আপিলের জন্য ৩০ দিনের নির্ধারিত সময় গণনা শুরু হয়। বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনা নির্ধারিত ওই সময়ের মধ্যে কোনো আইনি পদক্ষেপ নেননি। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, নির্ধারিত সময়ের পর আপিল করলে বিলম্ব মার্জনার আবেদন গ্রহণ করা হবে কি না, তা একান্তই আদালতের বিচার্য বিষয়। অন্যদিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও নিশ্চিত করেছেন যে, সময়সীমা পেরিয়ে যাওয়ায় বর্তমানে শেখ হাসিনার আপিলের আর কোনো সুযোগ নেই।

























