উত্তর প্রদেশের ব্র্যান্ড হিসেবে বুলডোজার চান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
- আপডেট সময় : ০৫:৫৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 4
ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুলডোজারকে রাজ্যের নিজস্ব ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার ইচ্ছা প্রকাশ করেছেন। সম্প্রতি গৌতম বুদ্ধ নগর জেলায় একটি ট্রাক্টর কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে তিনি আন্তর্জাতিক প্রতিষ্ঠান সিএনএইচ ইন্ডাস্ট্রিয়ালকে উত্তর প্রদেশে বুলডোজার উৎপাদনের আহ্বান জানান। তিনি বলেন, ‘উত্তর প্রদেশের বুলডোজার সম্পর্কে নিশ্চয়ই আপনারা শুনেছেন। এখানে ট্রাক্টর তৈরির পাশাপাশি বুলডোজারও তৈরি করা সম্ভব।’
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভাষ্যমতে, উত্তর প্রদেশে বুলডোজার এখন একটি সুপরিচিত ব্র্যান্ডে পরিণত হয়েছে। তিনি মনে করেন, স্থানীয়ভাবে এসব যন্ত্র উৎপাদন করা হলে ভারতসহ আন্তর্জাতিক বাজারেও এর চাহিদা বাড়বে। উল্লেখ্য, যোগী আদিত্যনাথের শাসনামলে বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতীক হিসেবে বুলডোজার রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সরকারি অভিযানের সময় স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তার সমর্থকেরা প্রায়ই উচ্ছ্বাস প্রকাশ করে থাকেন, যে কারণে তিনি ‘বুলডোজার বাবা’ নামেও পরিচিতি পেয়েছেন।
তবে এই বুলডোজার ব্যবহারের প্রক্রিয়াটি নিয়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনা রয়েছে। সমালোচকদের অভিযোগ, এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে মূলত মুসলিম, ভিন্নমতাবলম্বী ও প্রান্তিক জনগোষ্ঠীকে নির্বিচারে লক্ষ্যবস্তু করা হচ্ছে। যদিও সরকারি কর্মকর্তাদের দাবি, তারা কেবল সরকারি জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ করছেন। ভারতীয় আইনে শাস্তি হিসেবে কোনো ব্যক্তির সম্পত্তি গুঁড়িয়ে দেওয়ার বিধান না থাকলেও, যোগী সরকারের অভিযানে বারবার এই যন্ত্রের ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে।
বিষয়টি নিয়ে ২০২৪ সালে ভারতের সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় প্রদান করে। আদালত স্পষ্ট জানায়, অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি হিসেবে বুলডোজার দিয়ে সম্পত্তি গুঁড়িয়ে দেওয়া সম্পূর্ণ বেআইনি। একই সঙ্গে অবৈধ দখল উচ্ছেদের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের জন্য কঠোর নির্দেশনা দেয় সর্বোচ্চ আদালত। কিন্তু আদালতের এই নির্দেশনার দুই বছর পরও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুলডোজার অভিযানের পক্ষে জোরালো অবস্থান বজায় রেখেছেন এবং একে এখন রাজ্যের ব্র্যান্ড হিসেবে প্রচার করছেন।























