এইচএসসিতে ফেল করেও চবিতে ভর্তির আবেদনের সুযোগ শিক্ষার্থীদের
- আপডেট সময় : ০৯:১৫:১১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 6
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা। যারা সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তারা আবেদনের সুযোগ পাবেন। তবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হলে শিক্ষার্থীদের পরবর্তী সাপ্লিমেন্টারি পরীক্ষায় ওই অকৃতকার্য বিষয়গুলোতে অবশ্যই পাস করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, যেসব শিক্ষার্থী এক বা দুই বিষয়ে ফেল করেছে, তারা যেন ভর্তির সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেজন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করেই আবেদন গ্রহণের সময় বাড়ানো হয়েছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হবে। নিয়মিত ও অনিয়মিত উভয় ধরনের শিক্ষার্থীরাই এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
এই বিশেষ পরিস্থিতি বিবেচনায় নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা আগামী ১০ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভর্তিচ্ছুদের সুবিধার জন্য আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে যাতে কোনো শিক্ষার্থীর কোনো ধরনের সমস্যা না হয়।


























