কিশোর আব্দুল মোতালিব মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
- আপডেট সময় : ০৬:৪৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 2
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে কিশোর আব্দুল মোতালিব হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে শুনানি শেষে বিচারক এ আদেশ প্রদান করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। আবেদনে উল্লেখ করা হয়, আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগান, পলাতক আওয়ামী লীগ নেতাদের অবস্থান শনাক্তকরণ, তাদের সঙ্গে যোগাযোগ এবং সার্বিক পরিকল্পনার বিষয়ে তথ্য পেতে তাকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি। এছাড়া অজ্ঞাত আসামিদের পরিচয় নিশ্চিত হওয়া এবং সাঈদ খোকনকে আশ্রয় দেওয়া ব্যক্তিদের শনাক্ত করতেও রিমান্ড প্রয়োজন বলে আবেদনে জানানো হয়।
মামলার নথি থেকে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট সন্ধ্যায় ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ডের কাছে ব্যাংক এশিয়ার সামনে ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে আব্দুল মোতালিব (১৪) নিহত হন। এই ঘটনায় তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে সাঈদ খোকন ২৯ নম্বর এজাহারনামীয় আসামি।
এর আগে মঙ্গলবার ভোর ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে আদালতে হাজির করা হয়।

























