খামারিদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও ওষুধ দিল সিন্দুকছড়ি সেনা জোন
- আপডেট সময় : ০৬:২০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 4
খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি অঞ্চলের প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ পালনে সক্ষমতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে বাটনাতলী আর্মি ক্যাম্পে এই জনকল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় পর্যায়ের খামারিরা গবাদিপশু, ছাগল, হাঁস-মুরগি ও শূকর পালনের আধুনিক ও সঠিক পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে জ্ঞান অর্জনের সুযোগ পান।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন সিন্দুকছড়ি সেনা জোন অধিনায়ক লে. কর্নেল কাজী নেহাত ফয়সল। এসময় উপস্থিত ছিলেন বাটনাতলী আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আফিফ আবিদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকান্ত কুমার সেন এবং স্থানীয় হেডম্যান ও কারবারিরা। অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খামারিদের রোগ শনাক্তকরণ, সময়মতো টিকাদান, কৃমিনাশক ওষুধের সঠিক প্রয়োগ, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং অসুস্থ প্রাণীর প্রাথমিক পরিচর্যা বিষয়ে বিস্তারিত পরামর্শ দেন। নিজের পশুপাখির রোগবালাই ও উৎপাদন বাড়াতে বিভিন্ন কৌশল সম্পর্কে জানতে পেরে খামারিরা তাদের সমস্যার কথা তুলে ধরেন এবং বিশেষজ্ঞের কাছ থেকে সমাধান জেনে নেন।
একজন অংশগ্রহণকারী খামারি জানান, আগে গরু অসুস্থ হলে করণীয় সম্পর্কে সঠিক ধারণা ছিল না, অনেক সময় কবিরাজের শরণাপন্ন হতে হতো। এখন টিকা ও পরিচর্যার গুরুত্ব বুঝতে পেরে তারা আশাবাদী। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হয়। দুর্গম এলাকায় এসব ওষুধ সহজে পাওয়া না যাওয়ায় সেনাবাহিনীর এই সহায়তা স্থানীয়দের জন্য বড় ভূমিকা রাখছে।
স্থানীয় এক হেডম্যানের ভাষ্যমতে, পাহাড়ের মানুষের পাশে যখন সেনাবাহিনী থাকে, তখন তারা এক ধরণের মানসিক সাহস পান। পশুপাখির সুস্থতা খামারিদের পারিবারিক আর্থিক সচ্ছলতার পথকেও সুগম করে। সংশ্লিষ্টরা জানান, পাহাড়ি জনপদের আর্থসামাজিক উন্নয়ন ও জীবনমান পরিবর্তনের লক্ষ্যে সিন্দুকছড়ি সেনা জোন নিয়মিত বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে আসছে। বিনামূল্যে চিকিৎসাসেবা, চক্ষু ক্যাম্প ও শিক্ষা উপকরণের পাশাপাশি প্রান্তিক পর্যায়ের মানুষের দক্ষতা বৃদ্ধিতে নেওয়া এই উদ্যোগ চলমান থাকবে।

























