খুলনায় দেড় মাসের ব্যবধানে বাবা-ছেলের অস্বাভাবিক মৃত্যু
- আপডেট সময় : ০৯:৩৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / 1
খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দূর্জনীমহল এলাকায় আক্তার ঢালী (৬০) নামের এক ব্যক্তি দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই হামলার ঘটনা ঘটে। নিহত আক্তার ঢালী ওই এলাকার বাসিন্দা মৃত মতলব ঢালীর ছেলে। স্থানীয়দের সহায়তায় তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় দূর্জনীমহল এলাকায় আক্তার ঢালীকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।
এর আগে গত ১৫ আগস্ট রাতে একই এলাকায় আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে (২৭) কুপিয়ে হত্যা করা হয়। সেসময় হেলমেট পরিহিত ৪-৫ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তার ওপর হামলা চালায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ছেলের মৃত্যুর দেড় মাসের মাথায় একই পরিবারে বাবার এমন মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোক ও আতঙ্ক বিরাজ করছে।
পরপর দুই হত্যাকাণ্ডের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা নিয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে পুলিশ। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ জানান, ঘটনার পর পরই পুলিশ সদস্য পাঠিয়ে এলাকাটিতে নজরদারি বাড়ানো হয়েছে। কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের শনাক্ত করতে কাজ চলছে। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
























