গোপালগঞ্জে নিরাপত্তা বাড়াতে মোতায়েন ১০ প্লাটুন বিজিবি
- আপডেট সময় : ০১:২০:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 5
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নামানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০ প্লাটুন সদস্য। সোমবার (১৬ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বিজিবি সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন। মাঠপর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী তাদের মোতায়েন করা হয়েছে।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং দাঙ্গা নিয়ন্ত্রণে বিজিবি প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) মোতায়েন রেখেছে। এছাড়া নিরাপত্তা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে ড্রোন প্রযুক্তির পাশাপাশি ইমপ্রোভাইজড ডিভাইস ব্যবহার করা হচ্ছে। মাঠপর্যায়ে কর্মরত বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি মনিটরিং করতে তাদের বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। সদর দপ্তরের বিশেষ মনিটরিং সেল থেকে এই পুরো কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে দ্রুত সাড়াদান নিশ্চিত করা সম্ভব হয়।
নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনজীবন নির্বিঘ্ন রাখতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং ধৈর্য বজায় রেখে কাজ করছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রেখে জননিরাপত্তা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলার অবনতি রোধে তারা সর্বদা প্রস্তুত। সরকারি নির্দেশ অনুযায়ী অর্পিত যেকোনো দায়িত্ব নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে পালনে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


























