গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক যাত্রী
- আপডেট সময় : ০৩:২৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 0
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ১০টার দিকে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একের পর এক সংঘর্ষের ঘটনায় প্রায় ১০টি যানবাহন দুমড়ে-মুচড়ে গেছে। এতে শতাধিক যাত্রী আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে রয়েছে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইজিবাইক।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরইতলা এলাকায় একটি প্রাইভেটকারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষের পর পেছনে থাকা অন্যান্য যানবাহনগুলো একের পর এক একে অপরকে ধাক্কা দেয়।
এই ঘটনার পর প্রায় এক ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলোর মধ্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও ছিল। তবে তিনি অক্ষত অবস্থায় উদ্ধার পেয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত রাঘদী ইউনিয়ন বিএনপির নেতা ইলিয়াস কাজীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে, সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে নির্বাচনি এলাকার উদ্দেশে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের মধ্যে ২০ থেকে ২৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উদ্ধার করে দ্রুত ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরানোর কাজ সম্পন্ন করেছে।























