চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংকের গোলা বিস্ফোরণে দুই সেনা সদস্য নিহত
- আপডেট সময় : ০২:৩৮:০৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / 29
চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ভয়াবহ এক দুর্ঘটনায় দুই সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে প্রশিক্ষণ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিষয়টি নিশ্চিত করেছে। আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী জানান, অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিকভাবে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই সেনা সদস্য হলেন সৈনিক গানার রিফাত (নং-১০০৮২০১) এবং সৈনিক অপারেটর সিদ্দিক (নং-১০০৮০৯৬)। এই ঘটনায় ক্যাপ্টেন মির্জা মহিউদ্দিন (বিএ-১০৫৮৫) এবং সৈনিক জোবায়ের (ড্রাইভার) আহত হয়েছেন। আহতদের মধ্যে ক্যাপ্টেন মির্জা মহিউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হচ্ছে। এছাড়া অন্য আহতদের চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আইএসপিআর-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে। ঘটনার নেপথ্যে কারিগরি ত্রুটি নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


















