জজের ভাই পরিচয়ে শিক্ষকের চেয়ার দখল, ভয়ে তটস্থ স্কুল
- আপডেট সময় : ০৭:১০:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 0
কুড়িগ্রামের রৌমারী উপজেলার নতুনবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী রাশেদুজ্জামান রিপনের বিরুদ্ধে নানা অনিয়ম ও উদ্ধত আচরণের অভিযোগ উঠেছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক রাবেয়া খাতুনসহ অন্যান্য শিক্ষকরা প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগকারীদের দাবি, অভিযুক্ত রিপন নিয়মিত দায়িত্ব পালনে অবহেলা করেন এবং প্রতিবাদ করলে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখান।
অভিযোগসূত্রে জানা যায়, রিপন দপ্তরী হিসেবে স্কুলের ঘণ্টা বাজানোর দায়িত্ব পালন করেন না। নৈশপ্রহরী হিসেবে যথাযথ দায়িত্ব পালন না করায় স্কুল ভবন থেকে পানির পাম্পসহ বিভিন্ন সরকারি সম্পদ চুরি হওয়ার ঘটনাও ঘটেছে। এছাড়া, সম্প্রতি স্কুল চত্বর থেকে চারটি মূল্যবান গাছ কেটে ফেলার পর দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করেন তিনি। এমনকি প্রধান শিক্ষকের চেয়ারে বসে শিক্ষকদের ভয় দেখানোর মতো ঘটনাও ঘটিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। কোনো শিক্ষক প্রতিবাদ করলে তিনি রাস্তা বন্ধ করে দেওয়া কিংবা ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন।
প্রধান শিক্ষক রাবেয়া খাতুন জানান, রিপনের এমন কর্মকাণ্ডে শিক্ষক ও শিক্ষার্থীরা চরম ভীতিতে দিন কাটাচ্ছেন। রিপন দম্ভোক্তি করে বলেন, তার বড় ভাই নওগাঁ জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত আছেন। ফলে তিনি কাউকেই তোয়াক্কা করেন না। শিক্ষকসহ সংশ্লিষ্টরা প্রতিনিয়ত এই দপ্তরীকে নিয়ে এক বিব্রতকর ও ভীতিকর পরিস্থিতির মধ্যে রয়েছেন।
এ বিষয়ে রৌমারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই জানিয়েছেন, দপ্তরী রাশেদুজ্জামান রিপনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন তিনি। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তে রিপন দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অভিযুক্ত রিপনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার ফোন বন্ধ পাওয়ায় কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

























