জলবায়ু সহনশীল নগর গড়তে ১০০ দেশের বড় অঙ্গীকার
- আপডেট সময় : ০১:৪৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 3
তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর দ্বিতীয় দিনে শতাধিক দেশের প্রতিনিধিরা নগর অবকাঠামো শক্তিশালী ও জ্বালানিসাশ্রয়ী শহর গড়ার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলা এই সম্মেলনে ‘আন্টালিয়া কমপ্যাক্ট ফর এনার্জি এফিশিয়েন্ট বিল্ডিংস’-এর সমর্থনে দেশগুলো ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক ভবন খাতের জ্বালানি ব্যবহারের তীব্রতা ২৫ শতাংশ কমিয়ে দক্ষ বিদ্যুতায়ন নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করেছে।
সম্মেলনের সভাপতি মুরাত কুরুম গুরুত্বারোপ করে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নিরাপদ আবাসন ও সহনশীল অবকাঠামো মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এখন সময়ের দাবি। এই উদ্যোগের অংশ হিসেবে ইস্তাম্বুল জিরো ওয়েস্ট অ্যাকশন প্ল্যাটফর্মের আওতায় ২০টি জেলায় বর্জ্য পুনর্ব্যবহার কার্যক্রম শুরু হয়েছে, যা পর্যায়ক্রমে ১০০টি জেলায় সম্প্রসারিত করা হবে। নগরভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনায়ও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
বিনিয়োগের বড় একটি অংশ এসেছে তুরস্ক ও চীনের মধ্যে স্বাক্ষরিত ১৫ বিলিয়ন ডলারের নবায়নযোগ্য জ্বালানি চুক্তি থেকে। এই চুক্তির মাধ্যমে তুরস্কে ৭ হাজার মেগাওয়াট সৌর ও বায়ুবিদ্যুৎ এবং ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি, ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস তুরস্কের শিল্প ডিকার্বনাইজেশন প্রকল্পে ২৫০ মিলিয়ন ডলার এবং বিভিন্ন দেশের অভিযোজন কার্যক্রমে ১৯০ মিলিয়ন ডলার প্রদানের ঘোষণা দিয়েছে। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর ও বায়ুবিদ্যুৎ সরঞ্জাম উৎপাদনেও সহযোগিতা করবে দুই দেশ।
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর অস্তিত্ব রক্ষার লড়াইয়েও বড় আর্থিক সহায়তা পাওয়া গেছে। তাদের নিজস্ব ‘প্যাসিফিক রেজিলিয়েন্স ফ্যাসিলিটি’-তে ২০০ মিলিয়ন ডলারের বেশি সহায়তার প্রতিশ্রুতি মিলেছে, যার মধ্যে মিন্ডেরু ফাউন্ডেশন প্রথম বেসরকারি দাতা হিসেবে ৫ মিলিয়ন ডলার অনুদান দিচ্ছে। সম্মেলনে কপ-৩১-এর আলোচনার প্রেসিডেন্ট ক্রিস বোয়েন জানান, এসব অঞ্চলের জন্য জলবায়ু পরিবর্তন একটি অস্তিত্ব সংকটের নাম, যা মোকাবিলায় দ্রুত অর্থায়ন ও বাস্তবসম্মত পদক্ষেপ জরুরি। কপ-৩১ প্রেসিডেন্ট মুরাত কুরুম বলেন, জলবায়ু পদক্ষেপের সুফল মানুষের বসবাসের জায়গায় পৌঁছাতে হবে।
সম্মেলনে অংশ নেওয়া ৩০০টিরও বেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ও ইউএন-হ্যাবিট্যাটের কর্মকর্তারা জ্বালানিসাশ্রয়ী আবাসন ও নগর সহনশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন। সম্মেলনে মোট ছয়টি টেকসই ভবন প্রকল্পকে বিশেষ স্বীকৃতিও প্রদান করা হয়। এদিকে সম্মেলনের বিজনেস ফোরামে প্রায় ৩০০টি প্রতিষ্ঠানের ৬০০-এর বেশি প্রধান নির্বাহী ও ব্যবসায়ী নেতা অংশ নেন।





















