জিগাতলায় কিশোর নিহতের মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড
- আপডেট সময় : ০৭:১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 0
রাজধানীর ধানমন্ডির জিগাতলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কিশোর আবদুল মোতালিব নিহতের ঘটনায় করা হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই আদেশ দেন। সন্ধ্যা ছয়টার দিকে কড়া নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর নিহতের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদাল। এদিন সন্ধ্যা ৬ টার দিকে সাঈদ খোকনকে কড়া পাহারায় আদালতে হাজির করা হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিল চলাকালে গুলিবিদ্ধ হয়ে কিশোর আবদুল মোতালিব নিহত হন। এই ঘটনায় তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ২৬ আগস্ট ধানমন্ডি থানায় মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এজাহারভুক্ত ২৯ নম্বর আসামি হিসেবে নাম রয়েছে সাঈদ খোকনের। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের ঘটনায় সাঈদ খোকনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এছাড়া সরকার পতনের পরবর্তী সময়েও তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে ঝটিকা মিছিলের আয়োজন এবং পলাতক নেতাদের সঙ্গে যোগসাজশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ করা হয়েছে। রিমান্ডের আবেদনে আরও বলা হয়, আন্দোলন দমনে সাঈদ খোকনের কঠোর নির্দেশনায় ছাত্রলীগ ও যুবলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হামলা চালিয়েছিলেন এবং তিনি অস্ত্র ও অর্থ জোগান দিয়েছিলেন। সুষ্ঠু তদন্তের স্বার্থেই তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের সপক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী আবু সাইদ সাগর রিমান্ড বাতিলের প্রার্থনা জানিয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
























