ঝিনাইদহে সারের ডিলারশিপ দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জামায়াতের মানববন্ধন
- আপডেট সময় : ০৪:২৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / 0
ঝিনাইদহে বিসিআইসি সারের ডিলারশিপ নিয়ে সীমাহীন দুর্নীতি, স্বজনপ্রীতি এবং আওয়ামী পুনর্বাসনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী। পূর্ব ঘোষিত আল্টিমেটাম অনুযায়ী, রবিবার সকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এই কর্মসূচি পালিত হয়, যেখানে জেলার ৬টি উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। দেশ ও জনগণের এই সংকটে একমাত্র জামায়াতে ইসলামীই সমস্ত অন্যায়-অপরাধের বিরুদ্ধে আপসহীন প্রতিবাদ চালিয়ে যাচ্ছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবুবকর অভিযোগ করেন, কৃত্রিম সার সংকট তৈরি করে কৃষকদের জিম্মি করতেই স্থানীয়ভাবে ডিলারশিপ নিয়ে নজিরবিহীন অনিয়ম ও দলীয়করণের পথ বেছে নেওয়া হয়েছে। তিনি অবিলম্বে বিতর্কিত সার-বীজ মনিটরিং কমিটি ও দলীয় বিবেচনায় দেওয়া সব ডিলারশিপ বাতিল করে স্বচ্ছ ও নিরপেক্ষ নতুন নিয়োগের দাবি জানান। তিনি আরও যোগ করেন, ফ্যাসিস্ট আমলের ডিলারদের কারণে কৃষকরা এখনো দিশেহারা অবস্থায় রয়েছেন।
কর্মসূচিতে জেলা প্রশাসক মো. নোমান হোসেন প্রিন্সের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাই। তিনি জেলা প্রশাসকের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারলে পদ ছেড়ে দিন। জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড জামায়াত কোনোভাবেই বরদাস্ত করবে না বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা পরিষদ একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হচ্ছে বলেও তিনি দাবি করেন। কর্মসূচিতে জেলার ৬ উপজেলা থেকে জামায়াতের নেতাকর্মীর অংশগ্রহণ করেন।
সমাবেশে দলের অন্যান্য শীর্ষ নেতাদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমির ও ঝিনাইদহ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুল আলিম, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব, জেলা সেক্রেটারি আব্দুল আউয়াল এবং সদর উপজেলা আমির ড. হাবিবুর রহমান। দেশের সংকটাপন্ন পরিস্থিতিতে সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের কথা পুনরুক্ত করেন স্থানীয় নেতারা।























