ঢাকার ব্যাটারিচালিত রিকশা নিয়ে শীঘ্রই আসছে নতুন নীতিমালা
- আপডেট সময় : ০৮:১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / 2
রাজধানী ঢাকায় অনিয়ন্ত্রিতভাবে চলাচল করা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে আইনি কাঠামোর আওতায় আনতে নতুন নীতিমালা প্রণয়ন করছে সরকার। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ধানমন্ডি লেকের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানান, অতি দ্রুতই এই নীতিমালা চূড়ান্ত করা হবে। তিনি বলেন, বর্তমানে অটোরিকশাগুলো যত্রতত্র চলাচল করায় নগরীর স্বাভাবিক পরিবহন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। নতুন নীতিমালার মাধ্যমে প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এই যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তবে অটোরিকশার জন্য একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে। অল্প সময়ের মধ্যেই নীতিমালা পেয়ে যাবেন।’।
পরিবহন খাতের এই সংকটের বিষয়ে মন্ত্রী বলেন, সরকার চায় না কোনো গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হোক, তবে ঢাকার ট্রাফিক ব্যবস্থাকে কোনোভাবেই অচল হতে দেওয়া যাবে না। অটোরিকশা পেশার সঙ্গে দীর্ঘ সময় ধরে যুক্ত থাকা চালকদের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে। বৃহত্তর স্বার্থে সবাইকে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই অব্যবস্থাপনা থেকে বেরিয়ে আসতে হবে। কাউকে সরাসরি ক্ষতিগ্রস্ত না করে একটি সুশৃঙ্খল প্রক্রিয়ার মাধ্যমেই সরকার বিষয়টি বাস্তবায়ন করতে চায় বলে তিনি মন্তব্য করেন।
এর আগে সোমবার (৫ অক্টোবর) ব্যাটারিচালিত রিকশাচালকরা রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মিছিল করেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে তারা প্রতিবাদ জানান। বিক্ষোভকারীদের দাবি, অটোরিকশা পুরোপুরি বন্ধ না করে চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক। একইসঙ্গে বৈধ লাইসেন্স ও রোড পারমিট প্রদানের মাধ্যমে তাদের পেশাগত স্বীকৃতি ও পুরনো মালিকদের গাড়ি যাচাই করে বৈধতার সুযোগ দেওয়ার দাবিও জানান তারা। এছাড়া রিকশা ডাম্পিং করা বা চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন শ্রমিক নেতারা। এতে প্রেস ক্লাব ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ধানমন্ডি লেকের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী আরও জানান, লেকের খনন ও নান্দনিক সৌন্দর্যবর্ধনে ৮৩ কোটি টাকা ব্যয় করা হবে। এই প্রকল্পের আওতায় লেকের পরিবেশ উন্নয়নের পাশাপাশি একটি ‘নজরুল মঞ্চ’ নির্মাণ করা হবে। একই স্থানে একটি আধুনিক লাইব্রেরি স্থাপনের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার সুবিধাও রাখা হবে বলে তিনি উল্লেখ করেন।

























