দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের
- আপডেট সময় : ০৮:৫৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / 0
দেশের জনগণের ভোটাধিকার রক্ষা ও সংবিধান সমুন্নত রাখার দাবিতে রাজধানী দিল্লিতে বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে বিরোধী জোট ইন্ডিয়া। গত ১০ অক্টোবর (শনিবার) আলপ্পুঝায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, আগামী ১২ অক্টোবর (সোমবার) রাজধানীজুড়ে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। এছাড়া একই দিনে বিরোধী জোটের প্রতিনিধিরা ভারতের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, সংবিধানের সুরক্ষা ও জনগণের ভোটাধিকার রক্ষার এই চলমান লড়াইয়ের অংশ হিসেবে আগামী ১২ অক্টোবর (সোমবার) রাজধানী দিল্লিতে এক বিশাল বিক্ষোভ কর্মসূচির আয়োজন করবে ইন্ডিয়া জোট। সম্প্রতি এই ইস্যুতে নিজেদের উদ্বেগ জানাতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন জোটের নেতারা। বিরোধীদের আন্দোলনকে তিনি ভয় পাচ্ছেন। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত শনিবারের বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে রীতিমত লকডাউন জারি করেছে ভারত সরকার। বন্ধ করে দিয়েছে মেট্রো স্টেশন ও সারা দেশের সঙ্গে দিল্লির রেল যোগাযোগ।
সংবাদ সম্মেলনে বেণুগোপাল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। তিনি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সুরক্ষা দেওয়ার চেষ্টার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ করেন। কংগ্রেসের এই সাধারণ সম্পাদক দাবি করেন, নির্বাচন কমিশনারকে আড়াল করার এই অপচেষ্টাই মোদি ও শাহের পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মোদির বর্তমান আচরণ প্রমাণ করে যে তিনি এখন পতনের দ্বারপ্রান্তে রয়েছেন।
সরকারের সমালোচনা করতে গিয়ে বেণুগোপাল বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে মরিয়া সরকার প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে। এর অংশ হিসেবে রাস্তায় হাজার হাজার সশস্ত্র পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া কেরালা রাজ্যের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে তিনি জানান, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) বিরুদ্ধে কংগ্রেস অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। সরকারের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ইন্ডিয়া জোট তাদের আন্দোলন আরও জোরদার করার প্রস্তুতি নিচ্ছে।























