দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৯:৩৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 0
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শনিবার বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত এক বিশাল র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে দেশের সার্বভৌমত্ব ও জনগণের গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকেই যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের ভোটাধিকার ও বাক-স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছিল, জনগণ তাদের পরাজিত করেছে। বর্তমানে তারা আবারও নতুন ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার চেষ্টা করছে বলে তিনি সতর্ক করেন।
তারেক রহমান আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আমাদের দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে, যেকোনো পরিস্থিতিতে আমরা দেশের সার্বভৌমত্ব ও জনগণের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখব। যত দিন স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ টিকে থাকবে, তত দিন এই বিপ্লবের চেতনা নিয়ে র্যালি চলমান থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে শনিবার বিকাল ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়। র্যালিটি কাকরাইল, হেয়ার রোড, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট ও বিজয় সরণি এলাকা প্রদক্ষিণ করে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়। বিকাল সাড়ে ৪টার দিকে ট্রাকের ওপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রী উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
বিশাল এই র্যালিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলের কেন্দ্রীয় নেতারা। দিবসটি উপলক্ষে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে রাজপথ মুখরিত হয়ে ওঠে।























