দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা ছাড়াল এক হাজার
- আপডেট সময় : ০৬:১৯:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / 14
গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে দেশে আরও ৯ জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৯৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত মোট ১ হাজার ৯৬ জনের প্রাণহানি রেকর্ড করা হয়েছে। গত ১৫ মার্চ থেকে স্বাস্থ্য অধিদপ্তর এই সংক্রমণের তথ্য সংরক্ষণ ও প্রকাশ করে আসছে। রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
রোববার প্রকাশিত নিয়মিত হেলথ বুলেটিন থেকে জানা যায়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪ জন, সিলেট ও চট্টগ্রাম বিভাগে ২ জন করে এবং ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছেন। সামগ্রিক মৃত্যুর পরিসংখ্যানে ঢাকা বিভাগ ৪৪৮ জন মৃত্যু নিয়ে শীর্ষে রয়েছে। এরপরই সিলেট বিভাগে ১৭৫ জন, রাজশাহীতে ৯৩ জন, চট্টগ্রামে ৮১ জন, ময়মনসিংহে ৭৯ জন, বরিশালে ৬০ জন, খুলনায় ৪৪ জন এবং রংপুর বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে।
একদিনে দেশের বিভিন্ন হাসপাতালে উপসর্গ নিয়ে ১ হাজার ২২৮ জন রোগী এসেছেন, যার মধ্যে ১ হাজার ১৫৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে চট্টগ্রামে ৩১৩ জন, ঢাকায় ৩০৯ জন, সিলেটে ১৫৩ জন, বরিশালে ১২৭ জন, ময়মনসিংহে ৯৬ জন, খুলনায় ৯৩ জন, রংপুরে ৩৬ জন এবং রাজশাহীতে ২৮ জন রয়েছেন।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তর শুধুমাত্র হাসপাতালে আসা রোগীদের তথ্য নথিভুক্ত করে। তবে হাসপাতালে আসা বা ভর্তি হওয়া সবার হাম পরীক্ষা না হওয়ায় সংক্রমণের প্রকৃত সংখ্যাটি অজানা থেকে যায়। ফলে প্রকৃত রোগীর সংখ্যা এর চেয়ে অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।






















