নেতানিয়াহুর ব্যর্থতা তদন্তের দাবিতে উত্তাল তেল আবিব, পথে লাখো মানুষ
- আপডেট সময় : ১১:৩৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / 0
ইসরাইলে আগামী ২৭শে অক্টোবর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের মাত্র তিন দিন আগে শনিবার রাতে তেল আবিবে বিশাল এক সরকারবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ২০২৩ সালের ৭ই অক্টোবরের হামলায় হামাসের কাছে রাষ্ট্রীয় ব্যর্থতার তদন্তের জন্য একটি স্বাধীন রাষ্ট্রীয় কমিশন গঠনের দাবিতে লাখো মানুষ রাস্তায় নেমে আসেন। ‘অক্টোবর কাউন্সিল’-এর উদ্যোগে আয়োজিত এই সমাবেশে অংশ নেন হামলায় বেঁচে যাওয়া ব্যক্তি, সাবেক জিম্মি এবং স্বজনহারা পরিবারগুলো। আয়োজকদের দাবি অনুযায়ী, ‘হোস্টেজ স্কয়ারে’ আয়োজিত এই বিক্ষোভে এক লাখেরও বেশি মানুষ জড়ো হয়েছিলেন, যাদের হাতে ‘আমাদের দেশে আমরা মুক্ত’ লেখা সংবলিত পতাকা শোভা পাচ্ছিল।
সমাবেশে নিহত জিম্মি ওরি দানিনোর বাবা এলহানান দানিনো সরকারের সমালোচনা করে বলেন, গত তিন বছরে কোনো তদন্ত কমিশন গঠন না করার পেছনে সরকার হয়তো কিছু লুকাতে চাইছে। হামাসের হাত থেকে মুক্তি পাওয়া নিমরোদের মা ভিকি কোহেন রাজনৈতিক নেতাদের দায়িত্ববোধের আহ্বান জানিয়ে বলেন, ৭ই অক্টোবরের সত্যকে গাজার অন্ধকার সুড়ঙ্গের মতো কবর দেওয়া যাবে না। এছাড়া নোভা উৎসবে নিহত নোয়া জেন্ডারের মা মালি জেন্ডার এই ঘটনাকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বিপর্যয় হিসেবে উল্লেখ করে শিশুদের ভবিষ্যতের স্বার্থে সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
বিক্ষোভস্থলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইসেনকট উপস্থিত হলে উপস্থিত জনতা তাকে ‘আগামী প্রধানমন্ত্রী’ বলে স্লোগান দেন। এছাড়া বিরোধীদলীয় নেতা ইয়াইর গোলান, আভিগডোর লিবারম্যান, নাফতালি বেনেট এবং ইয়াইর ল্যাপিডও সমাবেশে সংহতি প্রকাশ করেন। গোলান নির্বাচনের পর একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের অঙ্গীকার করেন। সমাবেশে হামলা পরবর্তী বিপর্যয়ের দায় কেউ নেয়নি বলে ক্ষোভ জানান নিহত এক সেনাসদস্যের বাবা ইয়াল এশেল। এছাড়া মুক্তি পাওয়া জিম্মি ড্যানিয়েল অ্যালোনি নির্বাচনে ভোট দিয়ে নতুন গল্প লেখার আহ্বান জানান। নির্বাচনের দিন ভোটারদের জবাবদিহির কথা স্মরণ করিয়ে দিতে নিহতদের পরিবারগুলো ভোটকেন্দ্রের বাইরে অবস্থান নেওয়ার পরিকল্পনা করেছেন। উল্লেখ্য, এই সমাবেশের সম্প্রচার বন্ধে নেতানিয়াহুর লিকুদ পার্টি আবেদন করলেও নির্বাচন কমিটি তা খারিজ করে দেয়।























