পদ্মা সেতু এলাকায় গভীর রাতে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর
- আপডেট সময় : ০১:৪৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 5
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় গভীর রাতে নজিরবিহীন অস্থিরতা দেখা দিয়েছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে নাওডোবা এলাকায় লগি-বৈঠা হাতে একদল মানুষকে সড়ক অবরোধ করতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, এ সময় প্রায় আধাঘণ্টা ধরে চলে বিক্ষোভ, যার ফলে সেতুর উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে থানার প্রধান ফটক বন্ধ করে ভেতরে অবস্থান নেন। এতে সেতুর উভয় পাশে যানবাহন আটকা পড়ে, ভোগান্তিতে পড়ে মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং এলাকাটি ককটেল বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে লগি-বৈঠা হাতে বিক্ষোভকারীদের মিছিল ও স্লোগান দিতে দেখা যায়। টোলপ্লাজার স্বাভাবিক কার্যক্রম এ সময় পুরোপুরি স্থবির হয়ে পড়েছিল, যা সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সালাম জানিয়েছেন, হামলাকারীরা ওই সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। তিনি আরও বলেন, বর্তমানে পুলিশ ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছে। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভিডিও ফুটেজ দেখে আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করছি।’। যদিও কারা এর সঙ্গে জড়িত সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্রে অভিযোগ উঠেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই তাণ্ডবের সঙ্গে জড়িত। তবে ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্তদের নাম-পরিচয় বা সংখ্যা নিয়ে সুনির্দিষ্ট তথ্য এখনো যাচাই-বাছাই করা হচ্ছে বলে পুলিশ জানায়। এ ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।























