পাকিস্তানের দুই প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ সন্ত্রাসী
- আপডেট সময় : ১২:৩৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 0
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক গোয়েন্দাভিত্তিক অভিযানে মোট ৭৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। সন্ত্রাসী হুমকি নির্মূল এবং সংশ্লিষ্ট গোষ্ঠীর নেটওয়ার্ক ধ্বংসের লক্ষ্যে দেশটিতে জোরদার অভিযান পরিচালনা করছে দেশটির সেনাবাহিনী।
আইএসপিআরের তথ্যমতে, গত ৪৮ ঘণ্টায় খাইবার পাখতুনখোয়ার মির আলি এলাকায় ৩৫ জন এবং ওরাকজাই জেলায় আটজন নিহত হয়েছে। এই এলাকাগুলোতে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর তুমুল সংঘর্ষ হয়। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। একই সময়ে বেলুচিস্তানের কোয়েটা জেলার কুররাম এলাকায় ৩ নভেম্বর থেকে শুরু হওয়া অভিযানে আরও ৩১ জন সন্ত্রাসী নিহত হয়েছে। সেখানেও বিভিন্ন আস্তানায় তল্লাশি চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। আগের সপ্তাহে এ সংখ্যা ছিল ৩১।
সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে এখন পর্যন্ত তল্লাশি অভিযান চলমান রয়েছে বলে সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে। দেশ থেকে সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত নিরাপত্তা বাহিনী তাদের কার্যক্রম অব্যাহত রাখবে বলেও অঙ্গীকার করা হয়েছে।
এদিকে, পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) সাম্প্রতিক এক প্রতিবেদনে জানিয়েছে, ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে ৪৯টি সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে, যা আগের সপ্তাহের ৩১টি হামলার তুলনায় অনেক বেশি। ওই সাত দিনে দেশটিতে মোট ২৫ জন নিহত ও ২১ জন আহত হওয়ার তথ্য উঠে এসেছে তাদের প্রতিবেদনে।






















