প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ়
- আপডেট সময় : ১১:৪২:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / 2
জাতীয় স্বার্থ রক্ষা এবং দেশের আত্মমর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে বিশ্বের সব দেশের সাথে বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে চায় বর্তমান সরকার। রবিবার (১৮ অক্টোবর) সকালে সাভার সেনানিবাসে আয়োজিত সেনাবাহিনীর সাতটি ইউনিটের মাঝে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতির সাথে তাল মিলিয়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করতে কাজ করছে সরকার। তিনি উল্লেখ করেন, শুধু সামরিক সক্ষমতা বাড়ানো নয়, বরং সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যের শৃঙ্খলা, নেতৃত্ব, নৈতিকতা ও দক্ষতা বাড়ানোর মাধ্যমে তাদের প্রযুক্তিগতভাবে দক্ষ পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার কার্যক্রম চলমান রয়েছে।
এর আগে সকাল সোয়া ৯টার দিকে সাভার সেনানিবাসে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সেখানে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় পতাকা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের জন্য আত্মত্যাগের গৌরবের কথা স্মরণ করিয়ে দেয়।

























