বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
- আপডেট সময় : ০৫:৫৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 10
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম নিশ্চিত করেছেন। বিকাল ৩টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। এসময় তিনি বঙ্গভবনের সামরিক সচিব, সচিব, প্রেস সচিব ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের বিভিন্ন দিক রাষ্ট্রপতিকে অবহিত করেন। সফরের সময় জাতিসংঘের মহাসচিব, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠকের বিষয়গুলো আলোচনায় উঠে আসে।
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি তার জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণের প্রশংসা করেন। তিনি এই বক্তব্যকে ‘দূরদর্শী, দৃঢ়প্রত্যয়ী ও দিকনির্দেশনামূলক’ হিসেবে আখ্যায়িত করেন। রাষ্ট্রপতি বলেন, ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এবং বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। তার মতে, এই ভাষণের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও অবস্থান আরও সুদৃঢ় হবে।
প্রধানমন্ত্রী তারেকের সাম্প্রতিক এই সফর আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণ এবং জনস্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে রাষ্ট্রপতি অভিমত ব্যক্ত করেন। আলোচনার একপর্যায়ে জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও দুই নেতা মতবিনিময় করেন। বঙ্গভবনে আসার জন্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
























