বড়পুকুরিয়া খনিতে গ্যাস পরিমাপকালে চীনা শ্রমিকের মৃত্যু
- আপডেট সময় : ০২:১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 6
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভে কাজ করার সময় চ্যাং সিয়াওজুন (৪৩) নামের এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১টার দিকে রুটিন কাজের অংশ হিসেবে দুইজন স্থানীয় কর্মীকে সাথে নিয়ে তিনি খনির ভেতরে প্রবেশ করেছিলেন। খনি সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কাজের এক পর্যায়ে তিনি সহকর্মীদের বিভিন্ন স্থানে গ্যাস পরিমাপের দায়িত্ব দিয়ে নিজে ১৩০৫ নম্বর ফেইসের সীল ওয়ালের পাশে পর্যবেক্ষণে যান।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ফিরে না আসায় সহকর্মীরা তাকে খুঁজে না পেয়ে বিষয়টি সারফেস কন্ট্রোল রুমে জানান। এরপর মঙ্গলবার সকাল ৭টার দিকে উদ্ধারকারী দল তাকে ১৩০৫ নম্বর ফেইসের সীল ওয়ালের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে খনিটিতে প্রায় ২০০ চীনা শ্রমিক কর্মরত রয়েছেন বলে জানা গেছে।
বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চাইনিজ কনসোর্টিয়াম তাদের নিজস্ব নিয়মে মৃতদেহ সৎকারের ব্যবস্থা করবে। খনি কর্তৃপক্ষ মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানাতে না পারলেও, সহকর্মীদের ধারণা খনির ভেতরে অক্সিজেনের অভাবের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানিয়েছেন, ওই চীনা শ্রমিকের মরদেহ বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। সেখানে ময়নাতদন্তসহ আইনি যাবতীয় প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।






















