বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক
- আপডেট সময় : ০১:৪৬:১০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 0
বাংলাদেশে অতীতে সংঘটিত বিভিন্ন অপরাধের জন্য জবাবদিহি নিশ্চিত করতে চায় জাতিসংঘ। মঙ্গলবার (১০ নভেম্বর) নিউইয়র্কে আয়োজিত এক নিয়মিত মধ্যাহ্ন ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এ অবস্থানের কথা জানান। ব্রিফিংয়ে বাংলাদেশি সাংবাদিক আবু সুফিয়ানের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে যেসব অপরাধ সংঘটিত হয়েছে, বিশেষ করে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন যেসব ঘটনার নথিপত্র সংগ্রহ করেছে, তার সবগুলোরই জবাবদিহি হওয়া প্রয়োজন।
শেখ হাসিনা ও তার সমর্থকদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফারহান হক বলেন, এই অপরাধগুলো শুধু সাধারণ অভিযোগ নয়; আন্তর্জাতিক গণমাধ্যমসহ জাতিসংঘের নিজস্ব ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদনেও এ সংক্রান্ত ভয়াবহ তথ্যের প্রমাণ উঠে এসেছে। শেখ হাসিনা বাংলাদেশে হাজারো মানুষ হত্যার সঙ্গে সরাসরি জড়িত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে জবাবদিহির দাবির পাশাপাশি তিনি একটি ভারসাম্যপূর্ণ অবস্থানের কথা তুলে ধরেন। ফারহান হক স্পষ্টভাবে জানান, আইনি প্রক্রিয়ার পাশাপাশি সব রাজনৈতিক দল এবং সব রাজনৈতিক ব্যক্তিত্বের স্বাধীনভাবে কর্মকাণ্ডে অংশগ্রহণের অধিকার থাকা উচিত। অর্থাৎ অপরাধের বিচার এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয়টিকে আলাদাভাবে দেখছে বিশ্ব সংস্থাটি।
উল্লেখ্য, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর এই ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন পরিচালনা করে। এর আগে ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি জেনেভায় এই সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর ভূমিকার বিস্তারিত চিত্র উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, ওই সময়ে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন। ভয়াবহ এই নিহতের তালিকায় ১২ থেকে ১৩ শতাংশ শিশুও রয়েছে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মাধ্যমে সেই দমন-পীড়নের সমাপ্তি ঘটেছিল। নিহতদের মধ্যে প্রায় ১২ থেকে ১৩ শতাংশ ছিল শিশু। অন্যদিকে, তার নেতা-কর্মীরা আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।























