বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের ৭৯তম জন্মদিন আজ
- আপডেট সময় : ০৩:০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 0
বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৯তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন কালজয়ী এই লেখক। তার বাবা ফয়জুর রহমান আহমেদ এবং মা আয়েশা আখতার খাতুন।
জন্মদিনটি উদযাপনে গাজীপুরের নুহাশ পল্লীতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুক্রবার সেখানে মিলাদ মাহফিল, দোয়া, কেক কাটা এবং হুমায়ূন আহমেদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আয়োজন রয়েছে। এই আয়োজনে তার স্ত্রী মেহের আফরোজ শাওনসহ পরিবারের সদস্য ও ভক্তরা অংশ নেবেন। এছাড়া দূর-দূরান্ত থেকে ছুটে আসা ভক্তদের জন্য নুহাশ পল্লীর প্রবেশদ্বার উন্মুক্ত রাখা হয়েছে।
কথার জাদুকর হিসেবে পরিচিত হুমায়ূন আহমেদ একাধারে গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, গীতিকার, চিত্রনাট্যকার, চলচ্চিত্র নির্মাতা ও প্রাবন্ধিক ছিলেন। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে পলিমার কেমিস্ট্রিতে পিএইচডি অর্জন শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অধ্যাপনা করেছেন। পরবর্তী সময়ে অধ্যাপনার জীবন ছেড়ে লেখালেখিতে পুরোপুরি মনোনিবেশ করেন।
তিন শতাধিক গ্রন্থের রচয়িতা এই লেখকের উল্লেখযোগ্য উপন্যাসের তালিকায় রয়েছে ‘নন্দিত নরকে’, ‘মধ্যাহ্ন’, ‘জোছনা ও জননীর গল্প’ ও ‘মাতাল হাওয়া’। তার সৃষ্ট হিমু, রূপা, মিসির আলী ও শুভ্র চরিত্রগুলো পাঠকমহলে তুমুল জনপ্রিয়তা পায়। নাটক ও চলচ্চিত্র নির্মাণেও তিনি নিজের স্বকীয়তার স্বাক্ষর রেখেছেন। ‘এইসব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’, ‘অয়োময়’, ‘নক্ষত্রের রাত’ ও ‘আজ রবিবার’-এর মতো অসংখ্য জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি।
চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি সফল ছিলেন। তার পরিচালিত ‘আগুনের পরশমণি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’ ও ‘ঘেটুপুত্র কমলা’ চলচ্চিত্রগুলো ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সৃজনশীল কাজের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হুমায়ূন আহমেদ। পরে তাকে নিজ হাতে গড়ে তোলা গাজীপুরের নুহাশ পল্লীতে লিচুগাছের নিচে সমাহিত করা হয়। মৃত্যুর এক যুগের বেশি সময় পরও তার সৃষ্ট সাহিত্য ও নাটক বাঙালির হৃদয়জুড়ে সমান জনপ্রিয়।

























