বাণিজ্যমন্ত্রী: ব্যবসার সরকারি সেবা পেতে সময় কমে হবে ১৪ দিন
- আপডেট সময় : ০২:১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 6
ব্যবসা শুরু এবং নিয়মিত পরিচালনার ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা ও দীর্ঘসূত্রতা দূর করতে বড় ধরনের সংস্কারের পথে হাঁটছে সরকার। বর্তমানে বিভিন্ন সরকারি ছাড়পত্র যেমন ট্রেড লাইসেন্স, পরিবেশ ও অগ্নিনিরাপত্তা অনুমোদন এবং আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) পেতে একজন উদ্যোক্তার গড়ে ৫০ থেকে ৫৫ দিন সময় ব্যয় হয়। এই প্রক্রিয়াকে সহজ ও গতিশীল করতে সময়সীমা কমিয়ে ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বর্তমানে এসব সেবা পেতে ৫০ থেকে ৫৫ দিন বা তার বেশি সময় প্রয়োজন হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমের নেতৃত্বাধীন আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে আয়োজিত বৈঠকে এই পরিকল্পনার কথা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মন্ত্রী জানান, ব্যবসায়িক কার্যক্রমকে ডিজিটাল রূপ দেওয়ার মাধ্যমে ‘ইনভেস্ট বাংলাদেশ’ এবং ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো পোর্টালের আওতায় ওয়ান-স্টপ সার্ভিস কার্যক্রম দ্রুত কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বৈঠকে এলডিসি (স্বল্পোন্নত দেশ) তালিকা থেকে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী তিন বছরের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনার ওপর জোর দেওয়া হয়। সরকার কেবল পোশাক শিল্পের ওপর নির্ভরতা কমিয়ে চামড়া, জুতা, জাহাজ নির্মাণ, লাইট ইঞ্জিনিয়ারিং এবং স্বর্ণালঙ্কারসহ নতুন উদীয়মান খাতে রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্য নির্ধারণ করেছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের রপ্তানি আয়ের বড় অংশ তৈরি পোশাক খাতের ওপর নির্ভরশীল। রপ্তানি বহুমুখীকরণে নতুন শিল্পে গুরুত্ব।
চামড়া শিল্পের প্রসারে সাভার চামড়াশিল্প নগরীতে পরিবেশগত কমপ্লায়েন্স নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি পুনর্গঠন এবং আন্তর্জাতিক স্বীকৃতির জন্য লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী। এছাড়া স্বর্ণশিল্পকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে আগামী কয়েক বছরের মধ্যে রপ্তানিযোগ্য পণ্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে সরকারের।
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুসংহত করতে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রক্রিয়াও চলমান। জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ইপিএ (অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি) এবং ইউরোপীয় ইউনিয়ন, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এফটিএ (মুক্ত বাণিজ্য চুক্তি) আলোচনার অগ্রগতি তুলে ধরেন মন্ত্রী। পাশাপাশি রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ বা আরসিইপিতে অন্তর্ভুক্তির বিষয়েও নীতিগত অনুমোদন পাওয়া গেছে বলে বৈঠকে জানানো হয়।
বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমে বাণিজ্য সহজীকরণ, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন ও এফটিএ-সংক্রান্ত গবেষণায় বাংলাদেশকে সব ধরনের কারিগরি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি জানান, বাংলাদেশের বেসরকারি খাত ও উৎপাদনশীল শিল্পের সক্ষমতা বাড়াতে বিশ্বব্যাংক গ্রুপ এবং আইএফসি যৌথভাবে কাজ করতে আগ্রহী।
বিশ্বব্যাংকের প্রসপারিটি বিভাগের আঞ্চলিক প্র্যাকটিস ডিরেক্টর সেবাস্টিয়ান একার্ড বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের আগে আগামী তিন থেকে চার বছর বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে বাণিজ্যনীতি সংস্কার, শুল্ক ও অশুল্ক বাধা অপসারণ এবং বৈশ্বিক ভ্যালু চেইনে যুক্ত হওয়া সম্ভব হলে কর্মসংস্থান ও বিনিয়োগ বহুগুণ বাড়বে। তিনি এফটিএ আলোচনায় কর্মকর্তাদের দরকষাকষির সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণের প্রস্তাব দেন।
বৈঠকে বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট সুলেইমান কুলিবালি প্যারা-ট্যারিফ ও সম্পূরক শুল্ক কাঠামো সংস্কারের সুপারিশ করেন, যা রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখতে পারে। তিনি ভিয়েতনামের মতো দেশগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে লজিস্টিক অবকাঠামো উন্নয়নের পরামর্শ দেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক পরিকল্পনার মধ্যে উন্নয়ন প্রকল্পের সমন্বয়হীনতা দূরীকরণ এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে একটি বিশেষায়িত প্রতিষ্ঠানে রূপান্তরের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। বৈঠকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমদ উল্লাহ, খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

























