বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমেই ভবিষ্যতের পৃথিবী গড়বে: তারেক রহমান
- আপডেট সময় : ০৪:৪০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / 9
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী দিনের বিশ্বের রূপরেখা নির্ধারণ করবে বিজ্ঞান ও প্রযুক্তি। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলায় দেওয়া ভাষণে তিনি উল্লেখ করেন, বর্তমানে বিশ্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়ো-টেকনোলজি এবং বিজ্ঞানের এক নতুন যুগে প্রবেশ করছে।
প্রযুক্তির দ্রুত অগ্রযাত্রার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, উদ্ভাবনী এই শক্তির সুফল এখনো বিশ্বের সব মানুষের কাছে সমানভাবে পৌঁছায়নি। বাংলাদেশের ক্রমবর্ধমান ডিজিটাল সক্ষমতা ও তরুণ জনশক্তির কথা তুলে ধরে তিনি জানান, এই সম্ভাবনাকে পূর্ণমাত্রায় কাজে লাগাতে হলে উন্নত প্রযুক্তি, জ্ঞান ও গবেষণার সুযোগ সবার জন্য উন্মুক্ত করা জরুরি।
তারেক রহমান স্পষ্ট করেন যে, বর্তমানের ডিজিটাল বৈষম্য যেন আগামী দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে নতুন কোনো বিভাজন তৈরি না করে। তিনি উদ্ভাবন ও মেধাস্বত্ব সুরক্ষার ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী প্রযুক্তির প্রবেশাধিকার ও দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বিশ্বের কোনো দেশই যেন বিজ্ঞানের এই অগ্রযাত্রায় পিছিয়ে না থাকে, সেই আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবার জন্য একটি ন্যায্য ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে বাংলাদেশ বৈশ্বিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে প্রস্তুত। এছাড়া, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সোশ্যাল মিডিয়ার দ্রুত বিকাশের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে জাতিসংঘের অধীনে একটি কার্যকর নীতিমালা তৈরির দাবি জানান তিনি।



















