বুয়েট ছাত্র আবরার হত্যায় গ্রেফতারকৃতদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর
- আপডেট সময় : ০৪:২১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯
- / 162
বিডিসংবাদ অনলাইন ডেস্ক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ রাব্বীকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত ১০ জনের প্রত্যেকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত।
রোববার (৬ অক্টোবর, ২০১৯) দিবাগত মধ্যরাতে বুয়েটের সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবরারকে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনা সংক্রান্তে নিহতের বাবা মোঃ বরকত উল্লাহ চকবাজার থানায় লিখিত অভিযোগ করলে একটি হত্যা মামলা রুজু হয়।
এ ঘটনায় গতকাল ৭ অক্টোবর, ২০১৯ দশজনকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-মোঃ অনিক সরকার, ইফতি মোশাররফ সকাল, মোঃ মেহেদী হাসান রবিন, মোঃ মেফতাহুল ইসলাম জিওন, মুনতাসির আলম জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভির, মোঃ মুজাহিদুর রহমান মুজাহিদ, মেহেদী হাসান রাসেল, মুহতাসিম ফুয়াদ ও ইসতিয়াক আহম্মেদ মুন্না।
গ্রেফতারকৃতদেরকে আজ ৮ অক্টোবর, ২০১৯ দশ দিনের রিমান্ডের আবেদন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে মামলার তদন্তকারী কর্মকর্তা।




















