ভারতে যৌনকর্ম বৈধ করার পক্ষে মত দিলেন অভিনেত্রী পুনম পান্ডে
- আপডেট সময় : ০৭:০৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / 23
বিতর্কিত মন্তব্য ও নানা কর্মকাণ্ডের কারণে প্রায়ই আলোচনার কেন্দ্রে থাকা অভিনেত্রী পুনম পান্ডে এবার ভারতে যৌনকর্মকে আইনি ও নিয়ন্ত্রিত কাঠামোর আওতায় আনার পক্ষে মত দিয়েছেন। তাঁর মতে, এই পেশাকে বৈধতা দিলে বিশেষ করে নারীদের বিরুদ্ধে অপরাধের হার কমে আসতে পারে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের তৈরি খোলামেলা ভিডিও এবং যৌনকর্ম নিয়ে খোলামেলা আলোচনা করেন পুনম। তিনি দাবি করেন, সমাজের অনেক পুরুষই মানসিক চাপ ও হতাশার মধ্য দিয়ে সময় পার করেন। তাঁর তৈরি ভিডিওগুলো যদি কারও মানসিক চাপ কমাতে সহায়তা করে, তবে সেটিকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই। এক পর্যায়ে তিনি নিজের এসব ভিডিওকে ‘সামাজিক সেবা’ হিসেবেও অভিহিত করেন। তাঁর ভাষ্যমতে, কর্মব্যস্ততা ও ক্লান্তির পর কেউ যদি এসব দেখে সাময়িক স্বস্তি পান, তবে তিনি সেটিকে মানুষের উপকার হিসেবেই দেখেন।
পুনমের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। কেউ কেউ তাঁর মতের সমর্থন জানালেও অনেকে এটিকে কেবল বিতর্ক তৈরির কৌশল হিসেবে দেখছেন। সমালোচকদের মতে, যৌনকর্ম বৈধ করলেই নারীদের বিরুদ্ধে অপরাধ কমে যাবে—এমন দাবি একটি সরল সমীকরণ মাত্র। কারণ, এই বিষয়ের সঙ্গে যৌনকর্মীদের অধিকার, নিরাপত্তা, শোষণ, পাচার এবং সম্মতির মতো জটিল আইনি ও সামাজিক প্রশ্নগুলো গভীরভাবে জড়িত।
উল্লেখ্য, পুনম পান্ডে এর আগেও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য শিরোনামে এসেছেন। বিশেষ করে ২০২৪ সালে জরায়ুমুখ ক্যানসার সম্পর্কে সচেতনতা তৈরির অজুহাতে নিজের মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।






















