মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল করবে সরকার
- আপডেট সময় : ০৩:০২:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 0
দেশের জ্বালানি খাতের সংকট নিরসনে কক্সবাজারের মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। রবিবার (৮ নভেম্বর) মহেশখালীর মাতারবাড়ী এলাকায় নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং ধলঘাটা ও রাজঘাট এলাকা পরিদর্শন শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এই তথ্য জানান।
মুখ্য সচিব জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী মহেশখালী সমুদ্র উপকূলে একটি এবং মাতারবাড়ীতে স্থলভিত্তিক আরও দুটি এলএনজি টার্মিনাল স্থাপন করা হবে। আগামী দুই বছরের মধ্যেই এসব টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে নতজানু পররাষ্ট্রনীতির কারণে যেসব প্রকল্প মুখ থুবড়ে পড়েছিল, বর্তমান সরকার সেগুলো দ্রুততম সময়ে বাস্তবায়নে কাজ করছে।
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই বন্দরের কাজ শেষ হলে দেশের অর্থনীতি ও যোগাযোগব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। এছাড়া সরকারের উন্নয়ন প্রকল্পগুলোতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের যথাযথ পুনর্বাসন করা হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের উপযুক্ত ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদসহ প্রকল্পের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুখ্য সচিব পুনরায় আশ্বস্ত করে বলেন, বর্তমান সরকারের মেয়াদে মাতারবাড়ীতে আরও নতুন নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে।
























