মানিকগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত দুই
- আপডেট সময় : ১২:৫৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / 0
মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালী গ্রামের বাসিন্দা মো. সাহানের ছেলে ইয়াসিন (২২) এবং মোজাহারের ছেলে বাবলু (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল সেলফি পরিবহনের একটি বাস। একই সময় মৌহালী থেকে যাত্রী নিয়ে ইজিবাইকটি বরংগাইল হাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসটি ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন যাত্রী নিহত হন এবং অপর যাত্রীকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইজিবাইক চালক গুরুতর আহত হন, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে তার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার বিষয়ে বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।






















