রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন
- আপডেট সময় : ০৯:১৫:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 1
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানী ঢাকা জুড়ে নাশকতার একাধিক ঘটনা ঘটেছে। এদিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। বাসটিতে লাগা আগুনের ধোঁয়া মেট্রোরেল স্টেশনে ঢুকে পড়লে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে স্টেশনটি বন্ধ রাখা হয়। প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে সন্ধ্যা ৭টা ২ মিনিট থেকে পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়। ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
একই সময়ে রাজধানীর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নাশকতার খবর পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ও উত্তরা শান্তা-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিশেষ করে টিএসসির মেট্রো স্টেশনের নিচ থেকে ককটেল ভর্তি একটি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিটকে তল্লাশির জন্য পাঠানো হয়েছে। এছাড়াও পোস্তাগোলা ব্রিজের ওপর দুর্বৃত্তরা দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানা গেছে।
এর আগে সন্ধ্যার দিকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনায় ফয়সাল ও সুকুমার হালদার নামে দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে, যারা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সদস্য। তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে এবং বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফার্মগেটের ঘটনায়ও জড়িত সন্দেহে একজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। পুরো বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

























