রাড্ডা সেন্টার ভাঙচুরে এমপি মিষ্টির সংশ্লিষ্টতা তদন্ত করছে সরকার
- আপডেট সময় : ০৪:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / 16
রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদের (মিষ্টি) সম্পৃক্ততার বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে আইন-শৃঙ্খলা বাহিনী। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তদন্তে যার বিরুদ্ধেই সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাবে, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। ওই সমিতির কার্যক্রমের সঙ্গে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার সম্পৃক্ততার তথ্য বিভিন্ন প্রতিবেদনে এসেছে।
ঘটনার প্রেক্ষাপট বর্ণনা করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত বৃহস্পতিবার মধ্যরাতে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে মিরপুরের ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালায়। কয়েক ঘণ্টার তাণ্ডবে প্রতিষ্ঠানটি লণ্ডভণ্ড হয়ে যায়। হামলায় দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে বিভিন্ন চিকিৎসাসামগ্রী, ওষুধ ও টিকাসহ গুরুত্বপূর্ণ মালামাল লুট করা হয়। এরপর এক্সক্যাভেটর ব্যবহার করে একটি পাকা ও তিনটি আধাপাকা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে শাহআলী থানায় মামলা দায়ের করা হয়েছে, যেখানে বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য মোহাম্মদ হানিফ মিয়াসহ অজ্ঞাতপরিচয় আড়াইশ জনকে আসামি করা হয়েছে। দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম নিয়ে কয়েক ঘণ্টা ধরে স্বাস্থ্যকেন্দ্রটি ভাঙচুর করেন বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে। মামলায় বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য মোহাম্মদ হানিফ মিয়াসহ অজ্ঞাতপরিচয় আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, এই ন্যক্কারজনক ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়ায় স্থানীয় থানার একজন পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন এই ঘটনার পেছনে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, তবে অপরাধীদের রাজনৈতিক পরিচয় নির্বিশেষে আইনের আওতায় আনা হচ্ছে। এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এর আগে, হামলার পরপরই সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়, যার সঙ্গে স্থানীয় বিএনপি নেতাদের নাম উঠে আসায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি শুরু থেকেই এই হামলার সাথে নিজের কোনো যোগসূত্র নেই বলে দাবি করেছেন।
সারাদেশে অপরাধ দমনে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান চলমান রয়েছে এবং এটি আরও জোরদার করা হবে। পুলিশের কাছে চাঁদাবাজদের তালিকা নিয়মিত হালনাগাদ করা থাকে এবং সেই অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখল বা চাঁদাবাজির বিষয়ে দেশের ৩৮ জন বিশিষ্ট নাগরিকের উদ্বেগের বিষয়ে তিনি মন্তব্য করেন যে, অপরাধীকে কেবল অপরাধী হিসেবেই দেখা হচ্ছে; তাদের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না। সন্ত্রাস ও অপরাধ দমনে সরকার বদ্ধপরিকর এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
























