রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
- আপডেট সময় : ১২:৪৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / 6
রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাতকা উপদ্বীপে আঘাত হেনেছে ৬.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল ভিলিউচিনস্ক শহর থেকে প্রায় ১২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৪০ কিলোমিটার।
ভূমিকম্পের পরপরই কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার নিশ্চিত করেছে যে, এই কম্পনের কারণে সুনামির কোনো ঝুঁকি নেই। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল জাপানে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) যান্ত্রিক ত্রুটির কারণে ভুলবশত ৯.৯ মাত্রার ভূমিকম্পের আগাম সতর্কতা জারি করেছিল। তাদের সতর্কতায় জাপানের বিশাল অংশে তীব্র কম্পনের পূর্বাভাস দেওয়া হলেও, সংস্থার নিজস্ব পরিমাপে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৯। যদি ৯.৯ মাত্রার তথ্যটি সঠিক হতো, তবে তা হতো ইতিহাসের রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
উল্লেখ্য যে, কামচাতকা উপদ্বীপটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ টেকটোনিক বলয়ের ওপর অবস্থিত, যা অত্যন্ত ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। গত বছরের জুলাই মাসে এই অঞ্চলের উপকূলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল, যার ফলে সৃষ্ট সুনামিতে একটি উপকূলীয় গ্রামের বেশ কিছু অংশ সমুদ্রে বিলীন হয়ে গিয়েছিল।


























