শক্তিশালী ডানপন্থি সরকার গঠনের ডাক দিলেন নেতানিয়াহু
- আপডেট সময় : ১১:১৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 0
ইসরায়েলে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পর এখন চলছে ভোট গণনা। ৪১ শতাংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট এগিয়ে রয়েছে। দলীয় সদর দপ্তরে সমর্থকদের সামনে এক ভাষণে নেতানিয়াহু দাবি করেন, তার দল লিকুদ পার্টি ইসরায়েলের বৃহত্তম রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে এবং ডানপন্থি জোট চূড়ান্ত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইসরায়েলের জন্য একটি শক্তিশালী ও জাতীয়তাবাদী সরকার গঠন করা এখন সময়ের দাবি।
আরব রাজনৈতিক দলগুলোর তীব্র সমালোচনা করে নেতানিয়াহু বলেন, যারা দেশের অস্তিত্বের বিরোধিতা করে এবং সেনাদের যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত করে, তাদের সমর্থনের ওপর নির্ভর করে সরকার গঠন করা অসম্ভব এবং এটি দেশের নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। ইহুদি ও জায়নবাদী সংখ্যাগরিষ্ঠদের ঐক্যই ইসরায়েলের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারে বলে তিনি মন্তব্য করেন।
সাম্প্রতিক সামরিক সাফল্যের বিষয়গুলো তুলে ধরে নেতানিয়াহু বলেন, ইসরায়েল সাহসিকতার সাথে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র বদলে দিয়েছে। তিনি দেইফ, হানিয়া, সিনওয়ার, নাসরুল্লাহ এবং খামেনিকে হত্যার প্রসঙ্গ টেনে দাবি করেন, গাজা, লেবানন ও সিরিয়ার গভীরে ইসরায়েল শক্তিশালী নিরাপত্তা বলয় তৈরি করেছে। তবে ইরানের বর্তমান সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন তারা ধ্বংসের চেষ্টা চালিয়ে যাবে বলেও তিনি সতর্ক করেন। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সহযোগিতায় ইরানের হুমকি চিরতরে দূর করার এটি একটি ঐতিহাসিক সুযোগ বলে তিনি উল্লেখ করেন। সবশেষে তিনি ইসরায়েলি সেনা, ভোটার এবং নিজের পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
























