শর্তহীন সামরিক সহায়তা বন্ধের দাবি মার্কিন সিনেটর এল-সায়েদের
- আপডেট সময় : ০৮:০২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 6
আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে এমন দেশগুলোকে আর্থিক ও সামরিক সহায়তা প্রদানের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে নির্বাচিত সিনেটর আবদুল এল-সায়েদ। করদাতাদের অর্থ ব্যয়ের ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়ে প্রগতিশীল এই ডেমোক্রেট নেতা সাফ জানিয়েছেন, কোনো দেশকেই শর্তহীনভাবে বিদেশি সহায়তা দেয়া অনুচিত।
পিবিএস নিউজআওয়ারকে দেওয়া সাক্ষাৎকারে এল-সায়েদ স্পষ্ট করেন, তার করের টাকা মিশর, পাকিস্তান কিংবা সৌদি আরব সরকারের কাছে ট্যাংক বা সামরিক সরঞ্জাম সরবরাহের জন্য ব্যয় হোক, এটি তিনি চান না। তিনি নীতিগতভাবে শর্তহীন সামরিক সহায়তা প্রদানের সম্পূর্ণ বিরোধী। বিষয়টি নিয়ে তিনি কেবল একবারই নয়, বরং চলতি সপ্তাহের শুরুতে এবিসি নিউজে দেওয়া সাক্ষাৎকারেও একই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। সেখানে তিনি জোর দিয়ে বলেন, মার্কিন করদাতাদের অর্থ ব্যবহার করে এমন কোনো দেশকে সহায়তা দেয়া উচিত নয়, যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ রয়েছে।
নিজের অবস্থান ব্যাখ্যা করে সিনেটর এল-সায়েদ বলেন, বিষয়টি কেবল ইসরাইলের ক্ষেত্রে সীমাবদ্ধ রাখা ঠিক হবে না। তার মতে, আমাদের নিজেদের কর্মকাণ্ডও আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিশ্চিত করার দায়বদ্ধতা রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, আন্তর্জাতিক আইনের প্রতি নিজেদের জবাবদিহি নিশ্চিত না করে আমরা কীভাবে অন্যকে বিচার করব? মিশর, পাকিস্তান ও জর্ডানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আন্তর্জাতিক আইন কার্যকর করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উদাহরণ সৃষ্টি করা প্রয়োজন। এমনকি যে মিশর থেকে তার পরিবারের সদস্যরা অভিবাসী হিসেবে এসেছিলেন, সেই দেশটির ক্ষেত্রেও তিনি একই কঠোর নীতি অনুসরণের পক্ষে।
উল্লেখ্য যে, ২০২৬ সালের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে ইতিহাস গড়েছেন এল-সায়েদ। এর মাধ্যমেই তিনি যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম নেতা হিসেবে নিজের স্থান করে নিয়েছেন।
























