শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’
- আপডেট সময় : ১০:০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / 5
সৌদি আরবের মক্কায় একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এ ঘটনাকে একটি সতর্কবার্তা ও শিক্ষা হিসেবে নেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রতিটি দেশের নিজস্ব আইন রয়েছে এবং কোনো বিদেশি নাগরিক সেই দেশের আইনের ব্যত্যয় ঘটালে তাকে অবশ্যই বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। বাংলাদেশের অভ্যন্তরেও কোনো বিদেশি আইন ভঙ্গ করলে তাকে যেমন শাস্তি পেতে হয়, তেমনি অন্য দেশেও স্থানীয় আইনই কার্যকর হবে বলে তিনি মন্তব্য করেন। আমাদের বিদেশিরাওতো অনেকে এসে বাংলাদেশের যদি কোনো অন্যায় করে, তা বাংলাদেশের আইন-কানুন অনুযায়ী তাদের জেল হয়। তো আর সেটাতো এখন যে দেশে সেই দেশের আইন-কানুনতো প্রিভেইল করবে। সুতরাং এটাও আমাদের জন্য একটা শিক্ষা হতে পারে, আমি মনে করি।
প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং সরকার এমন পরিস্থিতির পুনরাবৃত্তি কখনোই চায় না। তবে আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে সরকারের সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, যখন কোনো নাগরিক বিদেশের মাটিতে আইন লঙ্ঘন করেন, তখন কূটনৈতিকভাবে অনেক সময় বিশেষ কিছু করার থাকে না। ঘটনাটি কখন বা কীভাবে ঘটেছে, তা আগে থেকে বাংলাদেশ মিশনকে জানানো হয়নি বলে তিনি জানান। সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত না জানানোয় এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি, তবে যথাযথ তথ্য পেলে আইনি প্রস্তুতির সুযোগ থাকত বলে তিনি উল্লেখ করেন।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সে দেশের সংবাদমাধ্যম ‘আজেল নিউজ’ জানিয়েছে, মসজিদের পবিত্রতা নষ্ট ও অনৈতিক কাজের অভিযোগে নিরাপত্তা বাহিনী ওই দুই ব্যক্তিকে আটক করেছিল। এরপর ঘটনার তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করা হয়। বিচারিক প্রক্রিয়া ও আইনি যাচাই-বাছাই শেষে আদালত তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেন, যা গত বুধবার কার্যকর করা হয়। সামগ্রিকভাবে এই ঘটনাকে দেশের নাগরিকদের জন্য একটি বড় শিক্ষা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

























