সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি কারি
- আপডেট সময় : ১২:৩২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 0
মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি ই. কারি আজ বুধবার ১১ নভেম্বর ঢাকায় পৌঁছাচ্ছেন। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সফর আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। রাখাইন রাজ্যের বর্তমান অস্থিরতা, চলমান সশস্ত্র সংঘাত এবং রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণই এই সফরের মূল লক্ষ্য।
সফরসূচি অনুযায়ী, কেলি কারি বাংলাদেশের সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং ভুক্তভোগী রোহিঙ্গাদের সঙ্গে আলোচনায় বসবেন। এছাড়া তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং ভবিষ্যতে করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করবেন। মিয়ানমারের ওপর প্রভাব বিস্তারকারী এই সংকট নিরসনে ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও তিনি গুরুত্বারোপ করবেন বলে জানা গেছে।
এর আগে কেলি কারি মিয়ানমার সফরের জন্য দেশটির সামরিক সরকারের কাছে আনুষ্ঠানিক অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। তবে দেশটির জান্তা সরকার সাফ জানিয়ে দিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তারা তাঁর সফরের আয়োজন করতে প্রস্তুত নয়।
সফর শেষে আগামী ১৮ নভেম্বর বুধবার দুপুর ২টায় ঢাকার জাতিসংঘ ভবনে একটি সংবাদ সম্মেলন করবেন কেলি কারি। সেখানে তিনি পুরো সফরের অভিজ্ঞতা ও তার পর্যবেক্ষণগুলো তুলে ধরবেন।

























