সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
- আপডেট সময় : ০৪:১৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 2
সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা নির্মূল ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনের গহিনে এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড বেইস মোংলা এবং বিসিজি আউটপোস্ট নলিয়ানের যৌথ অংশগ্রহণে পরিচালিত এই সফল অভিযানে বনদস্যুদের আস্তানা থেকে লুকিয়ে রাখা এসব সামগ্রী জব্দ করা হয়।
উদ্ধার করা সরঞ্জামের তালিকায় রয়েছে ১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগান, দুটি দেশীয় ওয়ান শুটার গান এবং চারটি একনলা বন্দুকের পাইপ। পাশাপাশি ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২টি এয়ারগানের গুলি এবং দুটি ওয়াকিটকি সেটও জব্দ করা হয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, বনদস্যুরা ডাকাতির প্রস্তুতির অংশ হিসেবে এসব অস্ত্র ও গোলাবারুদ ওই এলাকায় গোপনে মজুত করে রেখেছিল। ডাকাত দলকে শনাক্ত ও আটকের লক্ষ্যে বর্তমানে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। একই সাথে সুন্দরবনের ওই অঞ্চলে টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে বলে জানানো হয়। বর্তমানে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য যে, সুন্দরবনকে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে কোস্ট গার্ড নিয়মিতভাবে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ শীর্ষক দুটি বিশেষ অভিযান পরিচালনা করছে। লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরও বলেন, সরকারের নির্দেশনা মেনে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে দস্যুমুক্ত রাখা সম্ভব হবে বলে কোস্ট গার্ড দৃঢ়ভাবে আশাবাদী।

























