স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে পদ হারালেন ডিটিসিএ কর্মকর্তা
- আপডেট সময় : ১০:২৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 0
ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ১ নভেম্বর ‘এক রুট, এক কোম্পানি’ প্রকল্পের আওতায় ঢাকার ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচল কর্মসূচির উদ্বোধন করা হয়। ওই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মসিউর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানটিকে হাদিসের সঙ্গে তুলনা করেন। তার এই মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
অনুষ্ঠানে মসিউর রহমান বলেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই স্লোগানকে হাদিস বললে অনেকেই ভাবতে পারেন যে আমি ভালো পোস্টিংয়ের জন্য তাকে তেল দিচ্ছি। তবে আমার কাছে এটি একটি শাশ্বত বাণী। তিনি আরও বলেন, ‘আমার আগে আমরা, সবার আগে দেশ—এ কথা কে অস্বীকার করতে পারবেন? স্বার্থপর ও দেশপ্রেমহীন ব্যক্তি ছাড়া কেউ এটি অস্বীকার করবে না।’ স্বার্থপর, যার দেশপ্রেম নেই, সেই বলতে পারে, না, আমি মানি না। আমাকে বাদ দিয়ে আমরা সবাই মিলে থাকব, আর সবার আগে থাকবে দেশ।
নিজের বক্তব্যের সমর্থনে মসিউর রহমান আরও বলেন, ‘এটা হুজুররা বললে হাদিস হয়ে যেত। যেহেতু তার মুখে দাড়ি নেই, মাথায় টুপি নেই, তাই এটি হাদিস হয়নি! আসলে এটি হাদিস।’ রাজনৈতিক স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করার পর বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়ার মুখে শেষ পর্যন্ত তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো।
























